ধারাপাত
এ বাড়ি থেকে ওই বাড়ি
মাঝে এক ফালি, জল-সিমেন্টে বাঁধা
সোজা-সাপটা পথ, ঠিক নদীর মতো –
তার ওপরে বিছানো এক সমুদ্র বাতাস
সুতো-ছেঁড়া কথা উড়তে উড়তে
গোঁৎ খায় এ বাড়ি থেকে ও বাড়ি
কোটর, গলি, জানলা, দেওয়ালে
মাঝে, পাশে, ওপরে, নীচে, ফুটোফাটা
সব খান দিয়ে বয়ে চলে জীবন
অদৃশ্য ঘাট থেকে ঘাটে
টুপটাপ বাড়ি থেকে খসে
কথা হয় সওয়ারি, চড়ে বসে নৌকায়
দাঁড়ি ধরে বসে থাকে মাঝি
চুপচাপ শুধু সতর্ক লক্ষ্য রাখে
উঠুক, নামুক, যে যাই করুক
নৌকা চলে আঁকে বাঁকে, ধারাপাত বিহীন…
দেখা
জানতাম, একদিন ঠিক দেখা হয়ে যাবে।
এই যে, ধোঁয়ার আড়াল থেকে দেখছি তোমাকে।
আসলে, চৌকাঠ পেরোতে সাহস পাচ্ছিলে না।
অতগুলো সম্পর্ক, জন্ম থেকে সুতো দিয়ে বাঁধা।
মোটেই সহজ নয়, সব ছিঁড়ে বেরিয়ে পড়া।
যাক, খোলস পুড়ে গেল, আর কোন অসুবিধে নেই।
বিদ্যালয়ের বার্ষিক পত্রিকায়, লেখা প্রকাশ দিয়ে লেখালেখির শুরু। স্কুল থেকে বেরিয়ে কলেজ, তারপর কর্ম জীবন। সেখানে, ‘কথা’ নামে একটি পত্রিকায় কবিতা লেখা থেকে কলম, এখনও চলছে। প্রকাশিত গ্রন্থ ৫টি। ২টি কাব্যগ্রন্থ এবং ৩টি গল্প গ্রন্থ। কৃতিত্বে, ২টি অনূদিত (বাংলা থেকে ইংরেজি) গ্রন্থও আছে।
লেখকের বাংলায় লেখা গল্প, পড়তে পারা যাবে ‘আরও আনন্দ’ ডিজিটাল প্লাটফর্মে। ‘Pratilipi’ প্লাটফর্মে, অরূপম একজন নিয়মিত লেখক। এখানের তাঁর লেখা, ইংরেজি এবং হিন্দিতেও পড়া যাবে।
Post Views: 87
