ধুঁদুল
সকালবেলায় উঠে, উঠোন মাচানে ফোটা
ঝিঙেফুলেদের দিকে অপলক চেয়ে থাক মন…
ওরা সব দেবশিশু, সোহাগী মায়ের হিয়া…
অমন রূপের কাছে ফিকে হয়ে যায়
কুমোরটুলিতে ফোটা কুসুম প্রতিমা…
ওরা আছে বলেই সকালবেলার পাখি
গেয়ে ওঠে ঘুমভাঙানিয়া, বিলম্বিত রাগে…
কুসুমকুমারী নামের নারীটি মোমবাতি জ্বেলে
একদিন খেয়েছিল চুমু তার সন্তানের গালে…
সকালবেলায় উঠে আঘাটার দিকে যেয়ো না কখনও
কাল কেউটের বিষ লেগে যেতে পারে চোখের কপালে…
কুমারেশ তেওয়ারী
জন্ম আসানসোলের কন্যাপুরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা। কবিতায় তার কমফোর্ট জোন, লিখে চলেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। বেশ কয়েকটি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত। ‘ব্রহ্মকমলের রেণু’, ‘গান্ধর্ব রাগের খেয়াল’, ‘আয়নামতি আয়নামতি’ ‘বেদনাগাছ’ প্রভৃতি কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবিতা আশ্রম শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল উপন্যাস ‘শঙ্খরাগ’। নিজে ‘কায়াকবিতা’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। এছাড়াও ‘কবিতা আশ্রম’ পত্রিকার সম্পাদকমন্ডলীর একজন সদস্য।
Post Views: 89
