কথা
এতগুলো বলতে না পারা কথা, প’ড়ে প’ড়ে নষ্ট হয়ে গেল, সুনন্দা–
কে কার খেয়াল রাখে, কে কার অক্ষর ধুয়ে মুছে রেখে দেয় হৃদয়ে
কৃষকের চরিত্রে আরও দশটা বছর কীভাবে টানব বলো
সময় গুছিয়ে রাখার ধৈর্য খরচ হয়েছে কবেই
টান টান পোষাকের মায়ায় একে একে সিগারেট পোড়ে ল্যাংটো রোদে
মাসের পর মাস, এতগুলো বলতে না পারা কথা–
স্নান সেরে আসি, তবুও দুর্গন্ধ ছড়ায়
কবি
কবিকে পেছন থেকে ডাকবেন না
এইমাত্র যিনি একটি কবিতা সম্পূর্ণ করে উঠলেন
আঙুলে সিগারেট রেখে খুঁজে বেড়াচ্ছেন দূরত্বের শরীর
একটি শব্দের জন্য যিনি উথাল-পাথাল করেলেন অলকানন্দার জল
যার কানের কাছে থেমে আছে একটি উচ্চারণ
তাকে পেছন থেকে ডাকবেন না প্লিজ
শব্দ নিভে গেলে গোটা ভাত আটকে যেতে পারে দেশের গলায়
যোগফল
যতটা সহজ ভাবছেন ততটা নয়
১ আর ১–এর যোগফল আপনি যতক্ষণ ২ ভাবছেন
ততক্ষণ আপনি কিছুই দেখেননি মশাই
আজকাল যুদ্ধের কোনো ফলাফল হয় না
ইচ্ছাকৃত গায়ে গায়ে লেগে থাকে সব অভিসন্ধি
১ আর ১ যোগ করতে গিয়ে দেখবেন
ফলাফল থেকে উড়ে যাচ্ছে সব সুখ ও শান্তি
আর আপনি বড় বড় চোখে সব ভাঙাচোরা
সংখ্যা জোগাড় করতে করতে কাটিয়ে দিচ্ছেন মৃত্যু
Post Views: 88
